হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্যতম বাজার ‘নতুন বাজারে’ দিনের ব্যস্ততম সময়ে অবাধে পণ্যবাহী ট্রাক ও লরি ঢুকিয়ে মালামাল লোড-আনলোড করার মহোৎসব চলছে। এতে করে বাজারের ব্যবসায়ীদের যেমন ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, তেমনই সৃষ্টি হচ্ছে তীব্র ও দীর্ঘস্থায়ী যানজট। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী সাধারণ মানুষ ও পথচারীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের অভিযোগ—বিষয়টি নিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করছে।
মঙ্গলবার (৯জুুন) সরেজমিনে বানিয়াচং নতুন বাজার এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে বাজারের প্রধান প্রধান সড়ক ও গলির মুখে বড় বড় পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। এমনিতেই সরু রাস্তা, তার ওপর এই বড় বড় ট্রাক দীর্ঘসময় দাঁড়িয়ে মালামাল ওঠানো-নামানোর কাজ করায় অন্যান্য যানবাহন—যেমন অটো রিকশা, ইজি বাইক ও সাধারণ মানুষের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সবচেয়ে বেশি বিপাকে পড়ছে সকাল ও বিকেলে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের টাইমে যাতায়াতকারী শিক্ষার্থীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক শিক্ষার্থীর ক্লাস মিস হচ্ছে, বিঘ্নিত হচ্ছে চাকরিজীবীদের রুটিন।
ভুক্তভোগী শিক্ষার্থী হাসান আহমেদ বলেন ,আমাদের সকালের ক্লাসে যাওয়ার প্রধান রাস্তাই এটা। কিন্তু প্রায় প্রতিদিনই নতুন বাজারে এসে এই ট্রাকগুলোর কারণে জ্যামে আটকে থাকতে হয়। হেঁটে যাওয়ারও জায়গা থাকে না। বাজার কমিটিকে বারবার বলা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।
স্থানীয় পথচারী ও চাকরিজীবী মো. আব্দুর রহমান বলেন ,দিনের বেলা কেন এই বড় ট্রাকগুলো বাজারে ঢুকতে দেওয়া হয়, তা আমার বোধগম্য নয়। পৃথিবীর সব জায়গায় মালামাল লোড-আনলোডের একটা নির্দিষ্ট সময় থাকে, সাধারণত রাতে। কিন্তু এখানে দিনের আলোতে ব্যস্ত সময়ে রাস্তা বন্ধ করে কাজ করা হচ্ছে। পথচারী হিসেবে আমাদের ক্ষোভের কোনো শেষ নেই, কিন্তু দেখার কেউ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যবসায়ী বলেন–দোকানের সামনে এভাবে ট্রাক দাঁড়িয়ে থাকলে ক্রেতারা ভেতরে আসতে পারেন না। দীর্ঘক্ষণ জ্যাম লেগে থাকার কারণে মানুষ অন্য দিক দিয়ে চলে যায়। আমাদের ব্যবসার মারাত্মক ক্ষতি হচ্ছে প্রতিদিন। বাজার কমিটিকে জানালে তারা শুধু আশ্বাসই দেয়, কাজের কাজ কিছু করে না।
স্থানীয়দের অভিযোগ, বাজারে শৃঙ্খলা বজায় রাখার মূল দায়িত্ব বাজার পরিচালনা কমিটির। কিন্তু রহস্যজনক কারণে তারা এই বিশৃঙ্খলার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। ট্রাক চালক ও মালিকদের এই স্বেচ্ছাচারিতার পেছনে কোনো অদৃশ্য সমঝোতা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ও বাজারবাসী ।
ব্যস্ততম বানিয়াচং নতুন বাজারের এই নৈরাজ্য দূর করতে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।