হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নতুন বাজারে ছাউনি না থাকায় বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়ছেন সবজি ও মাছ বিক্রেতারা। সামান্য বৃষ্টিতেই বাজারের অধিকাংশ দোকানে পানি পড়ে, ফলে ব্যবসা চালানো কঠিন হয়ে যায়। বাধ্য হয়ে অনেক বিক্রেতা দোকান বন্ধ করে চলে যান, আর এতে করে তাদের বিক্রির জন্য আনা তাজা সবজি ও মাছ নষ্ট হয়ে যাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। বৃষ্টি শুরু হলেই ক্রেতার উপস্থিতিও কমে যায়, আর ছাউনি না থাকায় পণ্য রক্ষা করা সম্ভব হয় না।
সবজি বিক্রেতা তাহের মিয়া বলেন, “বৃষ্টি হলেই দোকান গুটিয়ে নিতে হয়। অনেক সময় সবজি রেখে যেতে হয়, পরে এসে দেখি পঁচে গেছে। প্রতিদিনই আমাদের লোকসান গুনতে হচ্ছে।”
মাছ বিক্রেতা সেবুুল মিয়া বলেন, “মাছ নিয়ে বসে থাকলেও বৃষ্টির কারণে ক্রেতা আসে না। আবার পানি পড়ে মাছ নষ্ট হয়ে যায়। ছাউনি থাকলে অন্তত পণ্যটা বাঁচানো যেত।”
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে।
তারা দ্রুত বাজারে স্থায়ী ছাউনি নির্মাণের দাবি জানিয়ে বলেন, এতে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন, অন্যদিকে ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।
স্থানীয়দের মতে, নতুন বাজারটি বানিয়াচংয়ের একটি গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব দৃষ্টিকটু। দ্রুত উদ্যোগ নিয়ে ছাউনি নির্মাণের দাবি তাদের।
ব্যবসায়ীদের টিকে থাকার স্বার্থে এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নে দ্রুত ছাউনি নির্মাণ এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।