হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত রবিবার ১২ জুলাই রাত আনুমানিক ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সাইহাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কের ওপর সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার নিকট থেকে ৩৬টি আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলমের পুত্র মো. শাহিন আলম রবিন (২৬) কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই মোবাইলসমূহ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।