কৃষির উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, হবিগঞ্জ ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহানা পারভীন ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুুল হক। মঙ্গলবার (১৯মে) উপজেলা অফিসার্স ক্লাবে এই পার্টনার কংগ্রেস অনুুষ্টিত হয়।
বানিয়াচং উপজেলা কৃষি অফিসার (অ দা) কৃষিবিদ মো: শাহাদুুুল ইসলামের সঞ্চালনায় পার্টনার কংগ্রেস সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি বলেন, “কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
কংগ্রেসে বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তি, উন্নত বীজ ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বাড়ানো সম্ভব। এ ধরনের পার্টনার কংগ্রেস কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন। শেষে কৃষি উন্নয়নে অবদান রাখা কয়েকজন কৃষক ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
পার্টনার কংগ্রেসে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।