হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চান্দের মহল্লার দ্বিতীয়বারের মতো সর্দার নির্বাচিত হয়েছেন হাজী আবু জাফর। শনিবার (৬ জুন) অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় মহল্লার সর্দার নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সর্দার হাজী আবু জাফর প্রয়াত হাজী রওশন আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি গ্যানিংগঞ্জ বাজার নূরানী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
নির্বাচিত হওয়ার পর বক্তব্যে হাজী আবু জাফর এই প্রতিবেদককে বলেন, “আমাকে পুনরায় এই দায়িত্ব দেওয়ায় আমি মহল্লাবাসীর প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাবো। আমি সকলের পরামর্শ নিয়ে মহল্লার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।”
তিনি আরও বলেন, “আমাদের মহল্লাকে একটি আদর্শ ও সুসংগঠিত সমাজ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিভেদ ভুলে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় বক্তারা নবনির্বাচিত সর্দারকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।