হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত এই পরিদর্শনে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের জীবনযাপন ও কল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের শুরুতেই জেলা প্রশাসক কারাগার প্রাঙ্গণে একটি লুকলুকি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে তিনি কারাগারের হাজতি ও কয়েদিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি কারাগারের ডে-কেয়ার সেন্টার ও নারী প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন এবং সেখানে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া বন্দিদের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া সরেজমিনে দেখেন এবং বন্দিদের জন্য পরিবেশিত খাবারের মান ও গুণগত অবস্থা যাচাই করেন। তিনি স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাবার প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি কয়েদিদের নিয়ে গঠিত সাংস্কৃতিক দলের পরিবেশিত সংগীতানুষ্ঠান উপভোগ করেন, যা কারাগারের ভেতরে মানবিক ও ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক কারাগার প্রশাসনের গৃহীত মানবিক, সংশোধনমূলক ও পুনর্বাসনমূলক উদ্যোগসমূহে সন্তুষ্টি প্রকাশ করেন। একইসঙ্গে বন্দিদের দক্ষতা উন্নয়ন, পুনর্বাসন এবং মানবিক মূল্যবোধ জোরদারে কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এই পরিদর্শন কারাগার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।