অতিবৃষ্টির কারণে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা গর্ত ও কাদামাটিতে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অবস্থায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক ওয়াহিদুল মুরাদ। তিনি ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন, যাতে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক করা যায়।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিপাতে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয় এবং কাদামাটির কারণে পথচারী ও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছিলেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুল মুরাদ বলেন, “এই এলাকার মানুষ আমার আপনজন। ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার কাজের জন্য কিছু সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতে জনগণের সমর্থন পেলে স্থায়ীভাবে উন্নয়নমূলক কাজ করে এই ধরনের সমস্যার স্থায়ী সমাধান করবো।”
এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেছেন।