হবিগঞ্জে সোমবার (২৯জুন) বিকেলে খোয়াই নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় “নদী তীরে সবুজায়ন” শীর্ষক একটি পরিবেশবান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্রাকৃতজনের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নদীর তীরবর্তী এলাকায় পূর্বে রোপণকৃত গাছের সার্বিক অবস্থা পরিদর্শন করা হয় এবং নতুনভাবে রোপিত চারা গাছগুলোকে সুরক্ষিত রাখতে বেষ্টনী স্থাপন করা হয়। এছাড়াও নদী তীরবর্তী এলাকায় নতুন করে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ড, মোহাম্মদ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদী আমাদের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। নদীকে রক্ষা করতে হলে এর তীর সংরক্ষণ এবং সবুজায়নের বিকল্প নেই। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলকে বেশি বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদীর তীরে সবুজ বেষ্টনী গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমে নদী ভাঙন রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পরিবেশ সচেতন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।