হবিগঞ্জের বাহুবল উপজেলায় রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) বেলা সাড়ে ১০টায় পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রামিসা হত্যার বিচার দাবি করেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। এ সময় তারা বলেন, “একটি নিষ্পাপ প্রাণ এভাবে নির্মমভাবে ঝরে যেতে পারে না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।”
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তাই প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা একাত্মতা প্রকাশ করে বলেন, রামিসার পরিবারের পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শেষে, রামিসার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।