আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলার লক্ষ্যে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে এক বিশেষ মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩মে) সকালে থানার প্রাঙ্গণে এই ড্রিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন থানার সকল স্তরের পুলিশ সদস্যরা। ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক প্রস্তুতি, দ্রুত মোতায়েন, সমন্বয় ও কৌশলগত দক্ষতা যাচাই করা হয়।
অনুষ্ঠানে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন , ঈদকে সামনে রেখে বাজার, শপিংমল, পশুর হাট ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, যানজট, চুরি-ডাকাতি বা নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
পুলিশ সুপার মো: তারেক মাহমুুদ বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত। ঈদের সময় যেন মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেজন্য পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে আমাদের প্রস্তুতি আরও জোরদার হয়েছে।” তিনি আরও জানান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সমন্বয় রেখে একটি নিরাপদ ঈদ উদযাপনে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
হবিগঞ্জের মুক্তিযোদ্ধা চত্বর, মোতালিব চত্বর ও কামড়াপুর পয়েন্টে বিকাল ৩ টা থেকে ৬টা পর্যন্ত পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ড্রিলের বিভিন্ন ধাপ প্রদর্শন করেন, যা উপস্থিতদের মধ্যে সন্তোষজনক প্রতিক্রিয়া সৃষ্টি করে।