গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতিহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমবাগান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, প্রতিটি শিক্ষার্থীর মাঝে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ববোধ সৃষ্টি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃক্ষরোপণে অংশ নিয়ে নিজেদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করে। তারা জানায়, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং ভবিষ্যৎ জীবনের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে এলাকার পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও দায়িত্ববোধও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করছে সরকার।