সিলেটের গোয়াইনঘাটে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অমর ফারুকের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৪ জুলাই) গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এ সময় নবাগত ওসি ওমর ফারুক সাংবাদিকদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় ওসি ওমর ফারুক বলেন, “গোয়াইনঘাটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পুলিশ ও গণমাধ্যম একসাথে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। থানায় আসা প্রতিটি মানুষ যাতে হয়রানি ছাড়াই সেবা পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মতবিনিময় সভা শেষে গোয়াইনঘাট থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।