জলাবদ্ধতায় বিকেজিসি স্কুল : ফটকের বাইরে কাদা-পানির ভোগান্তিতে শিক্ষার্থীরা
হবিগঞ্জ প্রতিনিধি
/ ৩০
Time View
Update :
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Share
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে হবিগঞ্জের বসন্ত কুমারী গোপাল চন্দ্র (বিকেজিসি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা। বিশেষ করে স্কুলের প্রধান ফটকের বাইরে কাদা ও পানির কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পর ফটকের সামনে জমে থাকা পানি ও কাদার কারণে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে স্কুলে ঢুকছে। এতে একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, অন্যদিকে শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বৃষ্টি হলেই এই দুর্ভোগ নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়ায়। অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, “প্রতিদিনই কাদা-পানি মাড়িয়ে স্কুলে ঢুকতে হয়। অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে।” আরেক শিক্ষার্থী বলে, “বৃষ্টির দিনে স্কুলে আসতেই ইচ্ছা করে না। কাপড়-জুতা নষ্ট হয়ে যায়, ক্লাসেও অস্বস্তি লাগে।”
অভিভাবকরাও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন অব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নালা-নর্দমার অভাবের কারণেই সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে দিনের পর দিন।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে।
সচেতন মহল মনে করছে, শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। তা না হলে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করতে পারে।