হবিগঞ্জ সদর উপজেলার টাউন হলে আজ থেকে শুরু হয়েছে ‘আইসিবিএস বিলিং সফটওয়্যার’ বাস্তবায়ন বিষয়ক দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (১৮জুন) সকালে প্রধান অতিথি ও সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কার্যক্রম শুক্রবার (১৯ জুন) পর্যন্ত চলে।
আয়োজক সূত্রে জানা গেছে, গ্রাহক সেবা আধুনিকায়ন এবং বিদ্যুৎ বিলিং প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভুল ও গতিশীল করার লক্ষ্যে এই নতুন আইসিবিএস (ICBS) সফটওয়্যারটি চালু করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের এই সফটওয়্যার পরিচালনায় দক্ষ করে তুলতেই দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল (২০জুন) শনিবার থেকে অত্র পবিসে ICBS লাইভে পরিচালিত হবে। আইসিবিএস চালুর মাধ্যমে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত গ্রাহকবৃন্দ দ্রুততম সময়ে এবং অধিক স্বচ্ছতার সাথে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এই আধুনিক বিলিং সফটওয়্যারটি সফলভাবে বাস্তবায়িত হলে গ্রাহকদের বিদ্যুৎ বিল সংক্রান্ত ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং প্রাতিষ্ঠানিক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। কর্মশালায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কারিগরি কর্মচারীরা অংশ নিয়েছেন।