ক্রীড়ামোদী বানিয়াচংবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৯ মে) মাঠে গড়াচ্ছে ‘বেবি অ্যান্ড মি’ এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (LRianFC-2026)-এর তৃতীয় আসর। ঐতিহ্যবাহী এল. আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ দুপুর ২:১৫ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ বা ‘ইনঅগ্যুরাল ম্যাচ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উদ্বোধনী ম্যাচেই এক মহাকাব্যিক লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম দুটি শক্তিশালী দল ‘উইজার্ডস ২২’ (Wizards 22) এবং ‘স্পাইডার ২৩’ (Spider 23)। মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে দুই দলই পুরোপুরি প্রস্তুত।
এবারের পুরো টুর্নামেন্টটি স্পন্সর করছে ‘মেসার্স ফারাবি মেডিকেল হল’। টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে মোট ১৮টি দল এতে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচ ঘিরে ইতিমধ্যেই বানিয়াচংয়ের ফুটবলপ্রেমী, দর্শক এবং স্থানীয় তরুণদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সজীব সাজ এবং সদস্য সচিব জাকির হোসেন এক বার্তায় জানান, “উইজার্ডস ২২ ও স্পাইডার ২৩-এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়েই এবারের জমকালো আসর শুরু হচ্ছে। মাঠের লড়াই যেমন রোমাঞ্চকর হবে, তেমনি পুরো টুর্নামেন্ট জুড়েই দর্শকরা দারুণ ফুটবল উপভোগ করবেন।”
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সৌকত হোসাইন খান। আজ দুপুরের এই হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ‘বানিয়াচং নিউজ ২৪ ডট কম’—-
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬- সিজন-৩ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং নিউজ ২৪ ডট কম”।