হবিগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “Celebrating Women Farmers”।
সোমবার (১জুুন) বেলা ১১টায় জেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় খামারিরা অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “টেকসই দুগ্ধ শিল্প গঠনে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে নারী খামারিদের অবদান অনস্বীকার্য। মেধা ও স্বাস্থ্যের বিকাশে দৈনিক দুধ পানের অভ্যাস গড়তে হবে এবং দুগ্ধ খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।”
আলোচনা সভায় জেলার প্রাণিসম্পদ খাতের সার্বিক চিত্র, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।