হবিগঞ্জে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে “জনভোগান্তি লাঘব ও সেবা সহজীকরণে প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা ও করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। কর্মশালায় জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’-এর মাধ্যমে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) গণ যুক্ত হন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি দপ্তরগুলো থেকে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সদ্বিচক্ষু রাখতে হবে। সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা জেলার সার্বিক সেবা পরিস্থিতি উন্নতকরণ ও নাগরিক ভোগান্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করেন।