হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষে স্টেডিয়াম গেইটের বাইরে হামলা-ভাঙচুর
হবিগঞ্জ প্রতিনিধি
/ ৫১
Time View
Update :
শনিবার, ৬ জুন, ২০২৬
Share
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আধুনিক স্টেডিয়ামের মূল গেইটের বাইরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে স্টেডিয়ামের ভেতরে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৬ জুন) সন্ধ্যার পর অনুষ্ঠানে অংশ নিতে বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হলে গেইটের বাইরে চাপ সৃষ্টি হয়। এ সময় টিকেট ছাড়া ভেতরে প্রবেশের চেষ্টা করে একদল বহিরাগত। আয়োজকদের বাধার মুখে তারা উত্তেজিত হয়ে গেইটের বাইরে ভাঙচুর চালায় এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কিছু যুবক গেইটের সামনে জড়ো হয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা গেইটের বিভিন্ন অংশে আঘাত করে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আয়োজক কমিটির একাধিক নেতৃবৃন্দ বলেন, “স্টেডিয়ামের ভেতরে আমাদের মূল অনুষ্ঠান সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে। বাইরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা মূলত কিছু বহিরাগত টিকেট ছাড়া প্রবেশ করতে গিয়ে ঘটিয়েছে।”
তারা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দিয়েছেন।