হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা
হবিগঞ্জ প্রতিনিধি
/ ৭৩
Time View
Update :
রবিবার, ৭ জুন, ২০২৬
Share
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে থেকে সাংবাদিক সহিবুর রহমানের একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাংবাদিক মহলে।
সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ধারাবাহিকভাবে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে, যার মধ্যে সাংবাদিকদের ব্যবহৃত মোটরসাইকেলও রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক সহিবুর রহমান জানান, রবিবার (৭জুন) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালের সামনে মোটরসাইকেলটি রেখে কাজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি থানায় জানানো হয়। সাংবাদিক সহিবুুর রহমান হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তিনি আরো বলেন, দিনদুপুরে এত ব্যস্ত একটি স্থানের সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়া খুবই উদ্বেগজনক। আমরা যারা মাঠে কাজ করি, তাদের জন্য এটি বড় ধরনের নিরাপত্তা হুমকি।”
শহরের অন্যান্য সাংবাদিকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় এক সাংবাদিক বলেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, সাংবাদিকদের মোটরসাইকেল বেশি চুরি হচ্ছে। এটি পরিকল্পিত কি না তা খতিয়ে দেখা জরুরি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। “প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি নজরদারি বাড়ানো এবং টহল জোরদার করা জরুরি।”
এদিকে সচেতন মহল মনে করছে, শহরে মোটরসাইকেল চুরি একটি নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে, যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে হাসপাতাল, মার্কেট ও জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা উদাসীনতার কারণে চোরচক্র বেপরোয়া হয়ে উঠছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
সাংবাদিকরা দ্রুত চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসাথে তারা শহরে নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।