হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১জুন) বেলা ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এ ধরনের অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “যে কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। গুজবে কান না দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিক তথ্য প্রচারে সবাইকে এগিয়ে আসতে হবে।” একইসঙ্গে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।