আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১জুন) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেসুর রহমান উজ্জ্বল, বীর মুুুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ব্রিফিংয়ে সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, অপুষ্টি দূরীকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। আগামী ২৮ জুনের ক্যাম্পেইনে জেলার নির্দিষ্ট বয়সের কোনো শিশু যেন এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
এই কর্মসূচিকে শতভাগ সফল করতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লেখনী ও প্রচারণার মাধ্যমে অভিভাবকরা আরও সচেতন হবেন এবং শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।
পরে সিভিল সার্জন ও ডেপুটি সিভিল সার্জন জেলায় কর্মরত সাংবাদিকদের ক্যাম্পেইন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাঠ পর্যায়ে কর্মসূচি সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।