হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডা: ইলিয়াছ একাডেমীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ (One Child One Tree) কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘লেইস’ প্রকল্পের আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অপরিহার্য ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এই ‘লেইস’ প্রকল্প শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং বাস্তবমুখী ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজে সম্পৃক্ত করতে অনন্য ভূমিকা রাখছে। ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিশু একটি করে গাছের দায়িত্ব নেওয়ার ফলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি পরিবেশ-সচেতন হয়ে উঠবে।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে অতিথি, প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সম্মিলিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে এই বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিটি শিক্ষার্থী অত্যন্ত আনন্দের সাথে নিজের চারাটি গ্রহণ করে এবং সেটির সঠিক পরিচর্যা ও সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করে।