হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জানা যায়, বুধবার (১জুলাই) উপজেলার বিভিন্ন হাওর ও জলাশয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যা মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ে, যা ভবিষ্যতে মাছের উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে জব্দকৃত ১০৩টি জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে কেউ পুনরায় এগুলো ব্যবহার করতে না পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সবাইকে সচেতন হয়ে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।