দীর্ঘদিনের প্রত্যাশা ও লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে বৃন্দাবন সরকারি কলেজের সনাতনী শিক্ষার্থীরা। কলেজ প্রাঙ্গণে একটি উপাসনালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে গভীর আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হবিগঞ্জ-৩ আসনের হুইপ ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানান, বহুদিন ধরেই একটি নির্দিষ্ট উপাসনালয়ের অভাব অনুভূত হচ্ছিল। অবশেষে সেই অভাব পূরণ হতে যাচ্ছে, যা তাদের ধর্মীয় চর্চা ও আধ্যাত্মিক বিকাশে সহায়ক হবে।
কলেজের সনাতনী শিক্ষার্থীরা বিশ্বাস করেন, এই উপাসনালয় শুধু ধর্মীয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল প্রতীক। এখানে গড়ে উঠবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা এবং নৈতিক শিক্ষার পরিবেশ। উপাসনালয় নির্মাণের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বৃন্দাবন সরকারি কলেজের সনাতনী শিক্ষার্থীরা। তারা জানান, এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি ঐতিহাসিক মুহূর্ত।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন দেব বলেন, “আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল কলেজে একটি উপাসনালয় হবে, যেখানে আমরা নিয়মিত পূজা-অর্চনা করতে পারবো। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে—এটা আমাদের জন্য অনেক আনন্দের। তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূজা রাণী দাস বলেন, “ধর্মীয় চর্চার জন্য আলাদা একটি জায়গা থাকা খুবই প্রয়োজন ছিল। এই উদ্যোগ আমাদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক চর্চায় বড় ভূমিকা রাখবে।
প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব দাস বলেন, উপাসনালয় শুধু আমাদের জন্য নয়, এটি সম্প্রীতির একটি প্রতীক হয়ে থাকবে। আমরা এখানে মিলিত হয়ে ভালো কিছু শিখতে পারবো, নিজেদের আরও মানবিক করে গড়ে তুলতে পারবো।
আরেক শিক্ষার্থী তনয় পাল বলেন, মাননীয় সংসদ সদস্যের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আশা করি এই উপাসনালয় আমাদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে।
শিক্ষার্থীদের মতে, এই উপাসনালয় নির্মিত হলে কলেজ ক্যাম্পাসে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক পরিবেশ আরও শক্তিশালী হবে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পুণ্যভূমি একসময় হয়ে উঠবে আধ্যাত্মিক চেতনার এক অনন্য কেন্দ্র, যা ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
বৃন্দাবন সরকারি কলেজে এ উদ্যোগকে ঘিরে সনাতনী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।