জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে মানবিক উদ্যোগ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসেন। তাঁর উদ্যোগে বানিয়াচং উপজেলা ভূমি অফিসে মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট আসনের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধারা ভূমি অফিসে গেলে তাঁদের জন্য সংরক্ষিত ওই চেয়ারে বসার সুযোগ পান। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং সন্তোষ প্রকাশ করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসে সেবাগ্রহণের সময় বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাদের দাঁড়িয়ে থাকতে বা সাধারণ লাইনে অপেক্ষা করতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসেন এ ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেন, যা স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের জন্য সম্মানের। এতে আমরা সম্মানিত ও স্বাচ্ছন্দ্যবোধ করছি।
সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসেন জানান, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও তাঁদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে কাজ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য অফিসেও অনুসরণ করা উচিত, যাতে বীর মুক্তিযোদ্ধারা সর্বত্র যথাযথ সম্মান পান।