হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিষদের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী বলেন, “জেলার উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, জেলা পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানানো হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।