হবিগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় বাহুবল উপজেলার ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বুধবার (১২আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
প্রামাণ্যচিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার, দায়িত্ব ও ভবিষ্যৎ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। পাশাপাশি নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতন করা হয়।
প্রদর্শনীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শনের মাধ্যমে সহজ ও আকর্ষণীয়ভাবে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।
এ ধরনের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শিশু-কিশোরদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি নারী ও শিশুর অধিকার, নিরাপত্তা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।