হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার (১০মে) দুপুরে হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে ঐ ছাত্র নিহত হন। নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে ও হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বাউলঘরের কাছে হবিগঞ্জ মাধবপুর চলাচলকারি একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র জাহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।