হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (৩জুন) বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। স্কাউটিং আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি পাপিয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সভাপতি ড. জি. এম. সরফরাজ।
তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তিনি জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক সৈয়দ মুনিম আহমদ।
এই মাল্টিপারপাস ওয়ার্কশপের মাধ্যমে স্কাউট আন্দোলনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং স্কাউটদের মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ স্কাউটিংয়ের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
হবিগঞ্জ জেলা স্কাউটসের এই আয়োজনে জেলার বিভিন্ন ইউনিটের স্কাউট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।