হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে প্রশাসনিক জটিলতার প্রেক্ষাপটে হাইকোর্টের আদেশ অনুযায়ী দায়িত্ব গ্রহণের আবেদন জানিয়েছেন নির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহমেদ।
৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক লিখিত পত্রে তিনি উল্লেখ করেন, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪৪৬১/২০২৬ এর ২৭/০৪/২০২৬ খ্রি. তারিখের আদেশ অনুযায়ী ২০/০৫/২০২৬ খ্রি. তারিখে তাকে দায়িত্ব গ্রহণ (Assume) করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
পত্রে তিনি আরও জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য বৈধতা দেওয়া হয়েছে। তবে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর না করায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনায় বিঘ্ন ঘটছে।
ফরিদ আহমেদ দাবি করেন, তিনি আইনানুগভাবে দায়িত্ব গ্রহণ করে ইউনিয়নের সকল কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে প্রস্তুত রয়েছেন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
এ প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত দায়িত্ব গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
পত্রের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রেরণ করা হয়েছে।