সিলেট রেঞ্জে কর্মদক্ষতা, দায়িত্ব পালন ও সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার থানার ওসি মোঃ ওমর ফারুক। তিনি সিলেট রেঞ্জের সকল থানার ওসিদের মধ্যে ১ম স্থান অর্জন করে সর্বোচ্চ সম্মান লাভ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, চোরাচালান প্রতিরোধ, প্রসিকিউশন দাখিলসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। বিশেষ করে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সিলেট রেঞ্জ ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান নির্বাচিত কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে ওসি মোঃ ওমর ফারুক বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি বিয়ানীবাজার থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ, যারা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে আরও আন্তরিকভাবে কাজ করে যাবো।”
এদিকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ৫ জন ওসির তালিকায় স্থান পাওয়া অন্যান্যরা হলেন— মনিরুজ্জামান খান, ওসি, বড়লেখা থানা (মৌলভীবাজার); মোনায়েম মিয়া, ওসি, নবীগঞ্জ থানা (হবিগঞ্জ); রতন শেখ, পিপিএম, ওসি, সুনামগঞ্জ সদর মডেল থানা; তফিকুল ইসলাম তালুকদার, ওসি, দোয়ারাবাজার থানা (সুনামগঞ্জ)।
পুলিশের পেশাদারিত্ব ও সেবার মান উন্নয়নে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।