হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩জুুন) বিদ্যালয়ের কক্ষে এই সভা অনুুষ্ঠিত হয়।
এ সভায় অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, একটি কার্যকর এসএমসি কমিটি বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। তারা নতুন কমিটির সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুুর রহমান বলেন , একটি বিদ্যালয়ের মানোন্নয়নে এসএমসি কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক, শিক্ষক ও কমিটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আজকের সভা থেকে ১২জনের নাম প্রস্তাব করা হয়েছে। পরবর্তীতে আমরা যাচাই-বাছাই করে সভাপতি/সেক্রেটারি নির্বাচিত করবো।
তিনি আরো বলেন, আমরা চাই এই নতুন কমিটি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সকলের আন্তরিক সহযোগিতা থাকলে রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।