হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
সভায় তিনি ৪৪ ব্যাচের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বুনিয়াদি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন দক্ষ প্রশাসক হিসেবে গড়ে উঠতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক মনোভাব ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
ড. সরফরাজ আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, জনসেবার মান উন্নয়ন এবং সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রাণবন্ত মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।