পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এপেক্স ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল-এর উদ্যোগে শনিবার ১১জুলাই হবিগঞ্জ রাজনগরের ইসলামিয়া এতিমখানায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা এতিমখানার শিক্ষার্থী ও কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ক্লাব সদস্যরা বলেন, “বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
আরও বলেন, “এতিমখানার মতো প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে শিশুদের মাঝে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা সম্ভব। তারা যদি ছোটবেলা থেকেই গাছের প্রতি যত্নশীল হয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে।”
এসময় এতিমখানা কর্তৃপক্ষ এপেক্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয়, বরং শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।