শিবপাশা লাইন ও নতুনবাজার লাইনের মধ্যে চলমান বিরোধের জেরে বৃহস্পতিবার (২৩জুলাই) সকাল থেকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা চলাচল আপাতত বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা যায়, দুই লাইনের মধ্যে সমন্বয়হীনতা ও সমস্যার কারণে সিএনজি চালকরা এই রুটে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বড়বাজার লাইনের কিছু সিএনজি চলাচল করলেও তারা হবিগঞ্জ স্ট্যান্ড থেকে পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, ফলে তারাও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। এদিকে সিএনজি বন্ধ থাকায় যাত্রীদের বাধ্য হয়ে বিকল্প বাহন ব্যবহার করতে হচ্ছে, এতে সময় ও ভাড়া—দুই দিক থেকেই বাড়ছে ভোগান্তি।
বানিয়াচং থেকে হবিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। নিয়মিত বিরতিতে এ ধরনের সমস্যা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
জানা গেছে, এ রুটে সিএনজি চলাচল বন্ধ থাকার ফলে যাত্রীদের বাধ্য হয়ে বিকল্প বাহন হিসেবে টমটম ব্যবহার করতে হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, যা সাধারণ মানুষের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। হবিগঞ্জ থেকে কোনো গাড়ি বানিয়াচং আসতে চাইলে তাদেরকে নবীগঞ্জ হয়ে বানিয়াচং আসতে হচ্ছে।
একাধিক ভুক্তভোগী জানান, “হবিগঞ্জ যেতে এখন দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। টমটমে যেতে সময়ও বেশি লাগে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।” স্থানীয় যাত্রীদের অভিযোগ, কিছু দিন পরপরই এই রুটে সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু স্থায়ী কোনো সমাধান নেওয়া হয় না। এতে করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগী পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
এ ব্যাপারে বানিয়াচ নতুনবাজার লাইনের সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ মো: সুহেল এর সাথে কথা বললে তিনি জানান, আমাদের জামেলা শিবপাশা লাইনের সাথে। আর এদিকে হবিগঞ্জ স্ট্যান্ডের তারা শিবপাশা লাইনের পক্ষ নিয়ে আমাদের লাইনের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। তবে বিষয়টা আমরা সবার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আশা করছি দ্রুতই একটা সমাধানের পথে চলে আসতে পারবো।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ না হলে জনভোগান্তি আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।