মাদক, জুয়া, ইভটিজিং, চুরি ও দাঙ্গা প্রতিরোধকল্পে হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে গোপায়া ইউনিয়নের বহুলা গ্রামে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় ০৫ নং গোপায়া ইউপির অন্তর্ভুক্ত বহুলা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক, জুয়া ও ইভটিজিং আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। বিট পুলিশিংয়ের মূল লক্ষ্যই হলো পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।”
তিনি আরও বলেন, “চুরি, দাঙ্গা বা যেকোনো অপরাধের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানাতে হবে। তাহলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। আমরা চাই একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে, যেখানে সবাই নির্ভয়ে বসবাস করতে পারবে।”
সভায় বক্তারা মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং তরুণ সমাজকে এসব থেকে দূরে থাকার জন্য সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সভা শেষে এলাকাবাসী শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।