হবিগঞ্জ শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নোয়াহাটি-আনোয়ারপুর খাল এবং কালিবাড়ি ক্রস রোড এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। শনিবার (২৫জুলাই) সকালে পৌরসভার কনজারভেন্সী শাখার উদ্যোগে এই সমন্বিত কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াহাটি-আনোয়ারপুর খালের তলদেশে জমা পলিথিন, বাসাবাড়ির বর্জ্য ও ঝোপঝাড়ের কারণে পানির প্রাকৃতিক প্রবাহ অবরুদ্ধ হয়ে পড়েছিল। বর্ষায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সকাল থেকেই খালটি সচল করতে জোরালো অভিযান পরিচালনা করেন। এক্সকেভেটর ও ম্যানুয়াল পদ্ধতিতে খালের ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করা হয়।
একই দিনে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম কালিবাড়ি ক্রস রোডেও বিশেষ পরিচ্ছন্নতা কাজ সম্পন্ন হয়। সড়কের দুপাশের ড্রেন থেকে জমানো কাদা ও প্লাস্টিক বর্জ্য তুলে নিষ্কাশন ব্যবস্থা সচল করার পাশাপাশি পুরো সড়ক ধুলোমুক্ত করতে ঝাড়ু দেওয়া ও মশক নিধনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
অভিযান সম্পর্কে পৌরসভার দায়িত্বশীল প্রতিনিধি জানান, “পৌরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে এবং পরিচ্ছন্ন শহর উপহার দিতে আমাদের নিয়মিত ড্রেন ও খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে খাল বা ড্রেনে সরাসরি ময়লা-আবর্জনা ফেলা থেকে স্থানীয়দের সচেতন না হলে এই সুফল দীর্ঘস্থায়ী করা কঠিন।”
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে ড্রেন ও খালে প্লাস্টিক বর্জ্য ফেলা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধ বর্জ্য ফেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন পৌরবাসী।