“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, নিমতলায় এক বর্ণিল র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি আরো বলেন “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে বেশি বেশি গাছ লাগাতে হবে।”
“সরকার বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দেশব্যাপী নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: তারেক মাহমুদ ও বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি চলমান সামাজিক আন্দোলন। টেকসই পরিবেশ গড়তে প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে এবং এর মাধ্যমে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি করা হবে।