হবিগঞ্জ জেলায় যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী মোঃ রিপন মিয়া প্রকাশ ইমন (৩০) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র্যাব-০৯, সিপিসি-০৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (৪আগস্ট) পরিচালিত এ অভিযানে তাকে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন মিয়া (ইমন) হবিগঞ্জ সদর থানার বড়বহুলা গ্রামের নুর আলীর পুত্র এবং রায়েবা খাতুনের সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ সদর থানার একটি মামলার (এফআইআর নং-০৬, তারিখ: ০৪ জুন ২০২৬; জি আর নং-১২৩, তারিখ: ০৪ জুন ২০২৬; ধারা- ৩৯৪, দন্ডবিধি ১৮৬০) এজাহারভুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিল।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রিপন মিয়া ওরফে ইমন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।