হবিগঞ্জের লাখাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ ফুট ২ ইঞ্চি লম্বা একটি গাঁজার গাছসহ মো. মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।বুধবার (১২ আগস্ট) ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং লাখাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. মহরম আলীর বসতঘরের পেছনের পশ্চিম পাশে সযত্নে বেড়া দিয়ে চাষ করা অবস্থায় একটি গাঁজার গাছ দেখতে পায় পুলিশ। পরে গাছটি ডাল ও পাতাসহ জব্দ করা হয়।
উদ্ধার করা গাঁজার গাছটির দৈর্ঘ্য ৮ ফুট ২ ইঞ্চি এবং ওজন ১ কেজি ১০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. মহরম আলী লক্ষ্মীপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে। তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে গাঁজার গাছটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে লাখাই থানা পুলিশ।