হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ও অবহেলিত আমিরখানী-ঘাগড়াকোনা রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. আবু মনসুর সাখাওয়াত হাসান। গত সোমবার (২৪ আগস্ট) দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তিনি চরম দুর্ভোগে থাকা এই এলাকাটি ঘুরে দেখেন এবং রাস্তাটি দ্রুত সংস্কারের ঘোষণা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সড়কের মাটি উঠে তৈরি হওয়া হাঁটু সমান কাদা ও বড় বড় গর্তের বেহাল অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে আশ্বস্ত করেন যে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে। তিনি ঘোষণা দেন, আমিরখানী থেকে ঘাগড়াকোনা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা নতুন করে পাকা করে তা সরাসরি আমিরখানী মেইন রোডের সাথে সংযুক্ত করে দেওয়া হবে।
রাস্তা পরিদর্শনের সময় সংসদ সদস্য ড. আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন, “আমিরখানী ও ঘাগড়াকোনা এলাকার মানুষের যোগাযোগের এই কষ্ট ও দুর্ভোগ আমি নিজে চোখে দেখে গেলাম। এমন বেহাল অবস্থায় কোনো রাস্তা থাকতে পারে না। ৩ কিলোমিটারের এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসইভাবে নির্মাণ করে খুব দ্রুত আমিরখানী প্রধান সড়কের সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের যাতায়াত সুগম করতে কাজ দ্রুত শুরু হবে, ইনশাআল্লাহ।”
সংসদ সদস্যের এই সরাসরি পরিদর্শন এবং ৩ কিলোমিটার রাস্তা সংযোগের সুস্পষ্ট প্রতিশ্রুতিতে স্থানীয় আমিরখানী ও ঘাগড়াকোনা এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ ও স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করছেন, এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হাজার হাজার মানুষের নিত্যদিনের মরন ফাঁদে রূপ নেওয়া কাদার ভোগান্তির স্থায়ী অবসান ঘটবে।