হবিগঞ্জে সুরবিতানের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা রফিক এবং বীর মুক্তিযোদ্ধা বাবু সুব্রত চক্রবর্তীর স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) হবিগঞ্জ সুরবিতানের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব। সভায় সভাপতিত্ব করেন সুরবিতানের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর নিখিল ভট্টাচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, “বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও বাবু সুব্রত চক্রবর্তী ছিলেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিতপ্রাণ মানুষ। তাঁদের অবদান হবিগঞ্জের সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক সংস্কৃতির বিকাশে তাঁরা যে ভূমিকা রেখে গেছেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, “একজন মানুষ চলে গেলেও তাঁর কর্ম ও আদর্শ বেঁচে থাকে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
সভাপতির বক্তব্যে প্রফেসর নিখিল ভট্টাচার্য্য বলেন, সুরবিতানের প্রতিষ্ঠালগ্ন থেকে গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তী সংগঠনটির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের অবদান সুরবিতানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।
স্মরণসভায় সুরবিতানের সদস্যবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত দুই গুণী ব্যক্তির কর্মময় জীবন ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।