হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বানিয়াচংয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত বিভিন্ন প্রতিশ্রুতি, জনকল্যাণমূলক কার্যক্রম, নাগরিক সেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে স্থানীয় নারী-পুরুষদের অবহিত করা হয়। একই সঙ্গে জনগণকে সরকারি সেবা গ্রহণে সচেতন হওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব ও বিভ্রান্তি থেকে জনগণকে সচেতন রাখার ক্ষেত্রে এ ধরনের উঠান বৈঠকের গুরুত্ব রয়েছে। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ যাতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে জানতে পারেন, সে লক্ষ্যেই তথ্য অফিসের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা সরকারের বিভিন্ন উদ্যোগ ও নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।