হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক হবিগঞ্জ-বানিয়াচং সড়ক-এর পাশে আতুকুড়া বাজার সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে একটি দৃষ্টিনন্দন বিশ্রামস্থল, যা ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের কাছে হয়ে উঠেছে আকর্ষণীয় গন্তব্য।
স্থানীয় সূত্রে জানা যায়, খোলা হাওর ও জলাভূমির মাঝখানে নির্মিত এই নান্দনিক স্থাপনাটি পথচারীদের জন্য যেমন স্বস্তির জায়গা, তেমনি ভ্রমণপ্রেমীদের জন্য একটি চমৎকার বিনোদনকেন্দ্র। বিশেষ করে মেঘলা আকাশ বা হঠাৎ বৃষ্টি শুরু হলে পথচারীরা এখানে আশ্রয় নিয়ে স্বস্তি পান।
এখানে লাল-সবুজ রঙের ছাউনি ও উঁচু ওয়াকওয়ে ঘিরে তৈরি কাঠামোটি পরিবেশের সাথে মিলেমিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে। চারদিকে বিস্তৃত সবুজ জলজ উদ্ভিদ আর খোলা আকাশ—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অপূর্ব অভিজ্ঞতা।
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতুকুড়া বাজারের পাশে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন স্থাপনাটি শুধু সাধারণ পথচারীদের নয়, বাইক চালকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দূরপাল্লার যাত্রায় থাকা অনেক বাইকার এখানে থেমে কিছুটা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেন।
বানিয়াচং থেকে শ্র্রীমঙ্গল গামী বাইক চালক তারেক আহমেদ বলেন, এই রাস্তায় আসার সময় এমন সুন্দর একটা জায়গা পেয়ে সত্যিই ভালো লাগছে। একটু থেমে বিশ্রাম নেওয়া যায়, আবার প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করা যায়। বিশেষ করে বৃষ্টি হলে এই ছাউনিগুলো অনেক কাজে দেয়।”
স্থানীয় এক তরুণ বাইকার সুমন মিয়া জানান, আমরা বন্ধুরা প্রায়ই বিকেলে এখানে আসি। বাইক নিয়ে ঘুরতে বের হলে এই জায়গাটা আমাদের একটা প্রিয় স্পট হয়ে গেছে। ছবি তোলা আর আড্ডা দেওয়ার জন্য দারুণ পরিবেশ।
বাইক চালক নাজমুল হোসেন বলেন, দূর থেকে যারা আসে, তাদের জন্য এই জায়গাটা অনেক উপকারী। ক্লান্তি দূর করার পাশাপাশি নিরাপদে বসে একটু সময় কাটানো যায়। তবে জায়গাটা আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলে ভালো হবে।
বাইক চালকদের মতে, আতুকুড়া বাজার সংলগ্ন এই বিশ্রামস্থলটি শুধু একটি আশ্রয়কেন্দ্র নয়, বরং এটি ধীরে ধীরে একটি জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হচ্ছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হলে ভবিষ্যতে এটি ভ্রমণপিপাসু ও বাইকারদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দিকে বিভিন্ন বয়সের মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। কেউ কেউ বন্ধুদের সাথে আড্ডা দেন, আবার অনেকেই প্রকৃতির মাঝে কিছুটা নিরিবিলি সময় কাটাতে এই স্থানটি বেছে নেন।
উল্লেখ্য, বানিয়াচং পৃৃথিবীর বৃহৎ গ্রাম হিসেবে পরিচিত, যার চারপাশে বিস্তৃত হাওর-বিল ও প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছে।
সংশ্লিষ্টদের মতে, যথাযথ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা হলে আতুকুরা বাজারের এই স্থানটি ভবিষ্যতে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।