হবিগঞ্জের বানিয়াচং সদরের ৫/৬ নং বাজার থেকে শেখের মহল্লা হয়ে শরীফ উদ্দিন সড়ক পর্যন্ত সংযোগস্থলের করুণ চিত্র এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট-পাথরের স্তূপ, বড় বড় গর্ত এবং কাদামাটির কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়, ফলে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, রাজনৈতিক কারণে এই উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। তারা জানান, এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের আধিক্য থাকায় দুই পক্ষের রেষারেষির ফলে সড়কটির কাজ শুরু হলেও তা বারবার থেমে যাচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগের কেন্দ্রে রয়েছে রাজনৈতিক রেষারেষি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই এই সড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে। কাজ শুরু হলেও তা বারবার থেমে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ছুুরাব আলী বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থার কারণে চলাচল খুবই কষ্টকর হয়ে গেছে। আরেকজন বাসিন্দা রাহাত খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যদি উন্নয়ন কাজ বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের দাবি, দ্রুত এই সড়কটির সংস্কার কাজ শুরু করে চলাচলের উপযোগী করা হোক, যাতে জনদুর্ভোগ কমে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ছবি সংগ্রহ : মোস্তাকিম মিয়া