হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন) এন এইচ জাহেদ একাডেমি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে এমপি ডা. জীবন বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে সবুজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হলে ভবিষ্যৎ বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে।”
এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এমপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।