হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এনসিপি নেতা জীবন আহমেদ লিটনের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৩আগস্ট) বিকালে মিছিলটি উপজেলার বড়বাজারের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদকারীরা বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তির প্রভাব বা অবস্থান বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন তারা।
এ কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে জনমনে নানা আলোচনা-সমালোচনা চলছে।
সম্প্রতি এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল দিয়েছে এলাকার সাধারণ জনগণ।