হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মতিউর রহমান (মতি)। সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টাসহ কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে মতিউর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
আলোচনা সভার শুরুতেই প্রয়াত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তার কর্মময় জীবন ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের প্রতি অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আব্দুর রহমান, সহ-সভাপতি মো. আলফু মিয়া, সহ-সভাপতি আজমল হোসেন বাবুল, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ দিদারুল আলম বাবলু, দপ্তর সম্পাদক মো. বাবলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোসাহিদ মিয়া, প্রচার সম্পাদক রবিউল আলম রবি, সদস্য শ্রী মন্টু দেব, মো. সুনীল আলী খান, মো. আছকির মিয়া, মো. মমিন আলী, মো. আলীম উদ্দিন ও আব্দুর রশিদ চৌধুরী।
মতিউর রহমান মতি দীর্ঘদিন ধরে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজারের শৃঙ্খলা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে তাকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়। কোনো ঘটনা ঘটলে সবার আগে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীদের কাছেও তিনি একজন কর্মঠ ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মতিউর রহমান মতি বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার প্রধান লক্ষ্য। সকল ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “প্রয়াত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি ব্যবসায়ীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করা কঠিন। তবে তার রেখে যাওয়া ভালো কাজগুলো সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
ব্যবসায়ী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, মতিউর রহমান দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন। তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও দ্রুত সাড়া দেওয়ার মানসিকতার কারণে তিনি এ দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
তারা আরও বলেন, মতিউর রহমানের নেতৃত্বে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।