হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কৃষকের ৪২ শতক জমির টমেটো কাটিং চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক আবেদ আলী।
ক্ষতিগ্রস্ত কৃষক আবেদ আলী বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লার বাসিন্দা। তাঁর পিতার নাম আক্কল আলী। বানিয়াচং-হবিগঞ্জ সড়কসংলগ্ন মকারিমপুর মৌজায় তাঁর ৪২ শতক জমিতে টমেটোর কাটিং চারা রোপণ করা হয়েছিল।
কৃষক আবেদ আলী জানান, কে বা কারা রাতের আঁধারে কিংবা কোনো এক সময়ে তাঁর জমির টমেটো চারাগুলো কেটে নষ্ট করে দিয়েছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, টমেটো চাষের পেছনে তাঁর অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। চারা কেটে দেওয়ায় পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে। এতে তাঁর আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন কৃষক আবেদ আলী। তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
একজন কৃষকের কষ্টার্জিত বিনিয়োগ ও স্বপ্ন এভাবে নষ্ট করে দেওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।