হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে দুই পরিবারের লোকজনে বাক বিতন্ডা থেকে সৃষ্ট সংঘর্ষে মানউল্লাহ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা শান্তিপুর নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত মানউল্লাহ মিয়া শিবপাশা ইউনিয়নের আটপাড়া গ্রামের মৃত ভুইয়া মিয়ার পুত্র ।
স্থানীয় সূত্র জানা গেছে, নিহত মানউল্লা মিয়ার ভাই আনতু মিয়ার কাছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের দশ হাজার টাকা পাওনা ছিল৷ রবিবার সকালে এই বিষয় নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালি গালজ করেন। দুপুরে হাওড় থেকে ফিরে আনু মিয়ার ছোট ভাই মানউল্লা মিয়া গালি গালাজের বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ও তার সন্তানদের জিজ্ঞেস করতে যায়। জিজ্ঞেসের মধ্যে জাহেদা বেগমের পুত্র কাশেম মিয়ার সাথে মানউল্লাহ মিয়ার বাক বিতন্ডা হয়।
বাক বিতণ্ডার মধ্যেই সংঘর্ষে জড়ায় দুই পরিবার। সংঘর্ষে মধ্যেই আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পরে মানউল্লাহ মিয়া। সংঘর্ষে মানউল্লা মিয়া গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শিবপাশ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।